মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানাধীন রামপুরা পুলিশ ফাঁড়ির এসআই আহাদের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে শাহাদাত হোসেন (৫৭), পিতা—মৃত কাজী হেলাল উদ্দিন, গ্রাম—পীরপুর, থানা—মনোহরদী, জেলা—নরসিংদী এবং জুয়েল মিয়া (১৯), পিতা—রং মিয়া, গ্রাম—সিদলী, থানা—নেত্রকোনা সদর, জেলা—নেত্রকোনা (বর্তমান ঠিকানা—পীরপুর বাজারে জসি মিয়ার দোকানে কর্মরত) কে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে তারা মনোহরদীর চালাকচর বাজার সংলগ্ন পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে অবস্থান করছিল। এ সময় গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত শাহাদাত এবং জুয়েল মিয়া উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে মনোহরদী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সকল সচেতন নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান l