মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
বিগত ১৭ বছরে মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার বিএনপি’র ৭৫০ নেতা-কর্মী ও সমর্থককে সম্মাননা প্রদান করেছেন বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের হোটেল হিলভিউ কনভেনশন হলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্যাতিত নেতা-কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি রাজপুত্র সাচিংপ্রু জেরী। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত নেতা-কর্মী, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি, মুজিবুবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত থেকে নির্যাতিত নেতা-কর্মীদের সাহস ও অবদানকে স্বীকৃতি জানান।
সম্মাননা গ্রহণকারী বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, “বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকার বিরোধী মত দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।”
তারা আরও বলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী সব সময় তাঁদের পাশে ছিলেন, প্রতিটি মামলার খরচ বহন করেছেন এবং রাজনৈতিকভাবে দুঃসময়ে সাহস যুগিয়েছেন। এজন্য তাঁকে প্রার্থী ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
নেতারা বলেন, “আমাদের নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছেন। সরকারের দেওয়া অসংখ্য মিথ্যা মামলা ছিল ভয় দেখানোর প্রচেষ্টা। কিন্তু কেউ পিছপা হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি।”
সম্মাননা প্রাপ্ত নেতা-কর্মীদের মতে, এই সংবর্ধনা তাঁদের দীর্ঘ দিনের ত্যাগ, সাহস ও অবদানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যা ভবিষ্যতে আন্দোলনকে আরও শক্তিশালী করবে।