বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোন কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি পালিত
এস এম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বাসযোগ্য ও টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন-এর উদ্যোগে লংগদু সরকারি মডেল কলেজ মাঠে “বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) এ কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এসময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৯,০০০ (নয় হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ মানেই নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ। তাই প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছের চারা রোপণ ও যথাযথ পরিচর্যা করে, তবে দেশব্যাপী ইতিবাচক পরিবেশগত পরিবর্তন সম্ভব”।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম বিকশিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লংগদু জোন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#
এসএম এরশাদ আলী রাশেদ
লংগদু উপজেলা
০১৮৪০৩৩৯৯২৭