সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা ২০২৫ আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ইং) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন বাংলা পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় গণিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
বদলগাছি উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হুসেইন মোঃ আবদুল সবুর। হল সুপার হিসেবে রয়েছেন মোঃ আসাদুজ্জামান মামুন, উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব মোর্শেদ, বেলাল হোসেন, রবিউল ইসলাম, হল মনিটরিং হিসেবে রয়েছেন রাজসিংহ দ্বীপক, অফিসের দায়িত্ব রয়েছেন আল-আমিন ।
বদলগাছী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি হুসেইন মোঃ আবদুল সবুর বলেন,
“আজ আমাদের বদলগাছী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি শুধু একটি পরীক্ষা নয়; শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষকেরা সারা বছর পরিশ্রম করে যে ভিত্তি তৈরি করেছেন, এই পরীক্ষার মাধ্যমে তারই মূল্যায়ন ঘটবে। সকল শিক্ষার্থীর সফলতা কামনা করছি। তারা যেন সৎ, নির্ভুল ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করতে পারে।”
এছাড়াও তারা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, হল সুপার, হল সচিব এবং এ্যাসোসিয়েশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তাদের সহযোগিতা ও দায়িত্বশীলতার ফলে প্রতিবছরের মতো এ বছরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তারা।