ধর্মপাশায় পিআইওকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
মো. হৃদয় খান জয়, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম উপজেলার বড়খলা গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জিংলীগড়া গ্রামের অভ্যন্তরীণ সড়ক দিয়ে যাওয়ার সময় পিআইও জাকির হোসেনকে বহনকারী মোটরসাইকেলটি সেলিনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন পিআইও কার্যালয়ের কার্যসহকারী কিবরিয়া।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।”