রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুতি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আরমান খান অপু ঢাকা প্রতিনিধ : দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টার রোল) কর্মচারীদের চাকরিচ্যুতি, আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর এবং “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যালয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারী দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ২০২৫ সালের ১৫ এপ্রিল জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” তাদের চাকরির নিরাপত্তা ও সাংবিধানিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়।
তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মিটফোর্ড হাসপাতাল, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বহু দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের চাকরির নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে।
সংগঠনের নেতারা বলেন, আউটসোর্সিং ব্যবস্থা দীর্ঘদিনের কর্মীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। তাই তারা আউটসোর্সিং কার্যক্রম বন্ধ, দীর্ঘদিন কর্মরত মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং সব ধরনের বৈষম্যের অবসানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হলে একদিকে যেমন হাজারো পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, অন্যদিকে সরকারি সেবার মানও আরও উন্নত হবে।
সংগঠনের প্রধান দাবিসমূহ
দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা প্রদান এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন হাজারের বেশি কর্মচারীকে নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে।
দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫ বাতিল করে বয়সসীমা শিথিলপূর্বক দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
সবশেষে সংগঠনের নেতারা বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ ও দাসত্বমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


More News Of This Category