শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দীর্ঘ অবহেলার অবসান, ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে স্বরনীকায় ১ কোটি ৫৫ লাখের নতুন ভবন মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ (নেত্রকোণা)

Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দীর্ঘ অবহেলার অবসান, ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে স্বরনীকায় ১ কোটি ৫৫ লাখের নতুন ভবন
মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ
(নেত্রকোণা)

দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা পেরিয়ে আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ তৈরির পথে এগোচ্ছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের স্বরনীকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নে চারতলা ফাউন্ডেশনের ওপর একতলা কমপ্লেক্স ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বরাদ্দের পর নতুন ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গার জরিপের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে থাকা বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার সঞ্চার।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চণ্ডিগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বরনীকা উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও অবকাঠামোগত সুবিধা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুন ভবন নির্মাণ হলে এসব সংকট অনেকটাই কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু যোগ্য শিক্ষক বা মেধাবী শিক্ষার্থীই যথেষ্ট নয়; প্রয়োজন নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশও। সেই জায়গা থেকে নতুন ভবনের এই বরাদ্দ স্বরনীকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। বাড়বে শ্রেণিকক্ষের সুযোগ, স্বাচ্ছন্দ্য বাড়বে শিক্ষক-শিক্ষার্থীদের এবং আরও মনোযোগী পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণের সুযোগ তৈরি হবে।

শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও বিদ্যালয়টির শিক্ষার্থীদের রয়েছে সাফল্য। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। নতুন অবকাঠামো নির্মাণের ফলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগও আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল বলেন, ‘আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার যে বরাদ্দ দিয়েছেন, এতে আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। নতুন ভবন নির্মাণ হলে আমাদের পড়াশোনার পরিবেশ আরও সুন্দর হবে। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আরও সক্রিয় হব।’

বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ‘বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই নানা কারণে অবহেলিত ছিল। নতুন ভবনের জন্য বরাদ্দ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমরা সবাই আনন্দিত। দুর্গাপুরের উন্নয়নে ব্যারিস্টার কায়সার কামাল স্যার যে গুরুত্ব দিয়ে কাজ করছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘নতুন ভবন শুধু বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটই কমাবে না, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশও তৈরি করবে। আমরা আশা করছি, এর সুফল ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও প্রতিফলিত হবে।’

স্বরনীকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি একটি নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়বে।’

তিনি বলেন, ‘নতুন ভবনের জন্য বরাদ্দ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগের জন্য ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এদিকে নতুন ভবনের বরাদ্দ ও নির্মাণ প্রক্রিয়ার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা এ উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্মাণকাজ শেষ হলে স্বরনীকা উচ্চ বিদ্যালয় শুধু অবকাঠামোগতভাবেই এগিয়ে যাবে না, বরং শিক্ষা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও ভালো করার সুযোগ পাবে। নতুন ভবনটি প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের পথকে আরও সুগম করবে।


More News Of This Category