ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়ান
প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া
হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমান এর (৫৫) প্রয়ান হয়েছে।। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে তার প্রয়াণ হয়েছে ।তাঁর অকাল প্রয়াণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।খবর আইবিএননিউজ।
মাহবুব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের পাশাপাশি মাহবুব রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি তাঁকে সহকর্মী, বন্ধু ও কমিউনিটির মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল।
প্রয়াণ কালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি মো. নাসির এবং তাঁর পুত্র সাবিত নাসিরও জানাজায় উপস্থিত ছিলেন।
মাহবুব রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মো. নাসির বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”
মাহবুব রহমানের প্রয়াণে প্রবাসী বাংলাদেশি সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, মানবিকতা ও স্মৃতি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।প্রয়াত মাহবুবুর রহমান বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এক উচ্চ পরিবারে জন্ম গ্রহণ করেন।তার প্রয়াণে যুক্তরাষ্ট্র এর কটয়াদি উপজেলা সমিতি ও কিশোরগঞ্জ জেলা সমিতি এবং ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।গত শনিবার,১৪ আগস্ট ২০২৬ তার প্রয়ান হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.