কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
আরমান হোসেন রাজু, বাংলার সংবাদ।
কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার লতিফ উদ্দিন উপজেলার কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন ওই স্কুলছাত্রীর বাবা। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে বাড়ি পাহারা দেওয়ার জন্য মেয়েটিকে বাইরে রেখে যান। এ সময় বাড়ির সামনের ক্ষেতে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির পরিবার আরও জানায়, ভয়ে চিৎকার করে লতিফ উদ্দিনের কাছ থেকে দৌড়ে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় শিশুটি। পরে সেখানে ঘটনাটি খুলে বললে, খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, "এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (আজ) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.