ঝাউলাহাটিতে গ্যাস পাইপে লিকেজ: ৯৯৯-এ কল করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা
নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে ধোঁয়া বের হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব নুরুল হক (সাবেক মেম্বার) এর বাড়ির সামনে প্রধান সড়কের একটি ম্যানহোলের স্ল্যাবের ভেতর থেকে তীব্র তাপসহ ধোঁয়া বের হতে দেখা যায়। সন্ধ্যার দিকে বিষয়টি নজরে আসলে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন।
প্রথমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হাজারীবাগ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে লিকেজ শনাক্তকরণ ও মেরামতের কাজ শুরু করেন। রাত দেড়টা পর্যন্ত মেরামত কার্যক্রম চলতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ পাইপলাইনের কারণে এলাকায় মাঝেমধ্যেই গ্যাস লিকেজের ঘটনা ঘটে। অতীতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, ফলে এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নতুন পাইপলাইন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.