কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মোঃ আলমগীর মোল্লা
কালীগঞ্জ (গাজীপুর) ১ মে ২০২৬ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। কিন্তু এখনো মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত।
শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবীসহ বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.