দুর্নীতি রোধে গাইবান্ধায় দুদকের উদ্যোগ, ১১ মে গণশুনানি
মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
“আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ ও গণশুনানির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া নাগরিকদের অভিযোগ সরাসরি শোনার জন্য আগামী ১১ মে (সোমবার) সকাল ৯টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানি উপলক্ষে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আজমীর শরিফ মারজি, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, অধ্যক্ষ জহুরুল কাইয়ুমসহ অন্যান্যরা।
দুদক সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, পৌর পার্কের পাবলিক লাইব্রেরি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে মোট তিনটি অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। নির্ধারিত ফরমে এসব বুথে অভিযোগ জমা দেওয়া যাবে।
গাইবান্ধা জেলা সদরের প্রায় সব সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস, হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, বিদ্যুৎ অফিস, শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পৌরসভা।
ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের মতো সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীরা সরাসরি দায়ের করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.