❝লালমনিরহাটে ৩ কেজি গাঁজাসহ রাজশাহীর যুবক গ্রেপ্তার❞
আহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাটে সিআইডির মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ নাদিম সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী-কুলাঘাট সড়কের সাকোয়া গ্রামের একটি বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।
সিআইডি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে বড়বাড়ীর দিকে আসার খবর পেয়ে সিআইডি লালমনিরহাটের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাদিম মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দুটি পোটলায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার নাদিম সরকার রাজশাহী জেলার চারঘাট উপজেলার পাশুন্ডিয়া এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় সিআইডির এসআই মোঃ গোলজার হোসেন বাদী হয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.