সৈয়দপুরে ট্রেন থেকে ফোন ছিনতাই: ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে শিক্ষকের মৃত্।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক (৫০) নামে এক প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক তার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় ওতপেতে থাকা কয়েকজন ছিনতাইকারী জানালার বাইরে থেকে তার হাত থেকে মোবাইল ফোনটি টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মোবাইল উদ্ধারের আশায় রাজ্জাক দ্রুত ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করলে তিনি তা খেয়াল করতে পারেননি এবং চলন্ত ট্রেনের ধাক্কায় প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্টেশনের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.