সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ
জাতীয়করণের দাবিতে ইতিবাচক এমপি, উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি
বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। একই সঙ্গে কলেজের দক্ষিণ পাশে থাকা ৭০ শতাংশ জমির সীমানাপ্রাচীর দুই মাসের মধ্যে নির্মাণ, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা, নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু এবং ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শাহরাস্তির সূচিপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
জাতীয়করণের দাবিতে ইতিবাচক এমপি :
অনুষ্ঠানে সংসদ সদস্য মমিনুল হক বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সূচিপাড়া ডিগ্রি কলেজ শিক্ষার ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জন করেছে। এসব বিবেচনায় কলেজটি সরকারি হলে ভালো হতো। সুযোগ পেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কলেজে এনে জাতীয়করণের দাবি জানানোর কথাও বলেন তিনি।
তবে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করার আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ জন্য বছরে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে তাঁর ধারণা।
অবকাঠামো উন্নয়নে একাধিক আশ্বাস :
কলেজের উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান, দক্ষিণ পাশে থাকা ৭০ শতাংশ জমির সীমানাপ্রাচীর আগামী দুই মাসের মধ্যে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জমিটি নিয়ে কারও ন্যায্য দাবি থাকলে তা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি, যাতে বিরোধ মামলা-মোকদ্দমায় গড়ায় এবং শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়।
এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে ৩০ ফুট বাই ৩০ ফুট জায়গা বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা এবং নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শুরুর আশ্বাসও দেন সংসদ সদস্য।
জাতীয়করণের দাবি অধ্যক্ষের :
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাসান আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন। তিনি কলেজটির শিক্ষা কার্যক্রম, ফলাফল ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি কলেজের দক্ষিণ পাশের জমির সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি যোগ্য, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. শাহাদাত হোসেন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ :
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থী আনাছের পবিত্র কোরআন তিলাওয়াত এবং সেতু রাণী পালের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থী প্রজ্ঞা ও তাঁর দলের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নজরুলসংগীতের পাশাপাশি নীপা রানী দত্ত ও তাঁর দল দেশাত্মবোধক গান পরিবেশন করে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, শাহরাস্তি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.