সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউরগড় ও টেকেরঘাট এবং মধ্যনগর উপজেলার মাটিরাবন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও ভারতীয় পণ্যসামগ্রী আনা-নেওয়া প্রতিরোধে ১৯টি বিওপির সদস্যরা সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.