সিংগীমারী নদীতে সেতু নেই চরম ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিক্ষার্থীরা।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ২১ আগস্ট, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সমসের নগর এলাকায় সিংগীমারী নদীর ওপর একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্বাধীনতার দীর্ঘদিন পার হলেও এখানে নির্মিত হয়নি একটি টেকসই সেতু।
সবচেয়ে সংকটে রয়েছে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীরা। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিনই কলার গাছের ভেলায় চেপে, জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে তাদের। এক হাতে বই-খাতা বুকে চেপে ধরে অন্য হাতে কোনোমতে ভারসাম্য বজায় রেখে শিক্ষার্থীদের এমন নদী পারাপারের দৃশ্য যেন নিত্যদিনের চিত্র। একটু ভুল হলেই মারাত্মক দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ থাকেন অভিভাবকরা।
বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। নদী পার হতে গিয়ে প্রায়ই শিক্ষার্থীদের বই-খাতা পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় সঠিক সময়ে স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক বুকে নিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে এসব শিক্ষার্থী।
শুধু শিক্ষার্থীরাই নয়, সেতু না থাকায় অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় মুমূর্ষু রোগী, গর্ভবতী নারী ও সাধারণ কৃষকেরা। জরুরি চিকিৎসার প্রয়োজনে কিংবা উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে গিয়ে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এলাকাবাসীর আকুল দাবি—ঝুঁকিপূর্ণ এই ভেলা পারাপারের অবসান ঘটিয়ে অতি দ্রুত সিংগীমারী নদীর ওপর একটি সেতু নির্মাণ করে কোমলমতি শিশুদের নিরাপদ যাতায়াত এবং স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘব করা হোক।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.