*
*স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:*
বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই ভুক্তভোগী। অভিযুক্তরা টাকা নিয়ে বিদেশে পাঠালেও প্রতিশ্রুত কাজ না দিয়ে হয়রানি ও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১৯ এপ্রিল সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সন্যাসীর চক গ্রামের *সোলাইমান হোসেন* ও দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের *মোঃ ওসমান গণি* বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
*অভিযুক্তরা হলেন:* সাতক্ষীরা সদরের বড় খামার ভাইন এলাকার মোছাঃ জেসমিন খাতুন, মোঃ মাছুদ রানা, মোঃ এছহাক আলী ঢালী, মোঃ সোহাগ হোসেন এবং কালীগঞ্জের সন্যাসীর চক গ্রামের মোঃ আবুর হোসেন (বাবু)।
অভিযোগে বাদীরা উল্লেখ করেন, অভিযুক্তরা ১ নং বাদী সোলাইমান হোসেনের ছেলে ও ২ নং বাদী ওসমান গণির পিতাকে বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে সর্বমোট *৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা* গ্রহণ করেন। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের বিদেশে পাঠানো হলেও সেখানে প্রতিশ্রুত কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো তাদের অনিরাপদ পরিবেশে রেখে বিভিন্নভাবে হয়রানি ও দুর্ব্যবহার করা হয়েছে। বর্তমানে তারা বিদেশে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগীরা দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
এ বিষয়ে বাদী সোলাইমান হোসেন বলেন, _"আমরা গরিব মানুষ। জমি বিক্রি করে, ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠাইছি। এখন ছেলে ওখানে কষ্টে আছে, কাজও পায় নাই। টাকা চাইতে গেলে ওরা হুমকি দেয়।"_
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের কার্যকলাপ *বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা এবং প্রবাসী শ্রমিক ও অভিবাসন আইন, ২০১৩* অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তপূর্বক টাকা উদ্ধার ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন, _"একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"_
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.