সাঘাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার হেলেঞ্চা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রোববার গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই তরুণী এক সন্তানের জননী। তিনি উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা। শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় সৈকত (২৮) নামে এক যুবকের সঙ্গে তার দেখা হয়। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈকত তাকে ভ্যানে করে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় মুস্তাকিম (২০) নামে আরেক যুবকও তার সঙ্গে ছিলেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে পরিত্যক্ত ইটভাটার ওই স্থানে দুই যুবক তাকে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্র হয়ে সাঘাটা থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সাঘাটা থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ৬। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.