সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না। ক্ষমতার লোভ, দখলদারিত্ব ও মানুষ হত্যার রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ২০২৪ সালের মতো আবারও রাজপথে নামতে হবে।”
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঘাটায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় খুনিদের বিচার দাবি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “সম্প্রতি দেশে ক্ষমতার লোভ, দখলদারিত্ব আর মানুষ খুনের ঘটনা বেড়েছে। আমরা কোনো ফ্যাসিবাদীকে বাংলার জমিনে প্রশ্রয় দেবো না। তাই আপনারা প্রস্তুত হোন। যেভাবে ২০২৪ সালে সবাই রাস্তায় নেমে এসেছিলেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি সাঘাটায় সন্ত্রাসী হামলায় আমাদের দুইজন কর্মীর বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ এখানে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই না আর কোনো মায়ের কিংবা বাবার বুক খালি হোক। আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা চাই দেশের সকল মানুষ নিরাপদে বসবাস করুক।”
বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, গাইবান্ধা-২ আসনের এমপি আব্দুল করিমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.