সম্পাদকীয়: দেশের জনগণের কাছে আস্থা অর্জন করা সরকারের দায়বদ্ধতা রয়েছে
*মোঃ আবুল হাসেম, প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ ও চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল*
দেশের জনগণের কাছে আস্থা অর্জন করা যে কোনো সরকারের প্রধান দায়বদ্ধতা। জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি জনগণের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে সেই সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
আমরা ইতিহাস থেকে দেখেছি, যখনই কোনো রাজনৈতিক দলের নেতা-নেতৃত্ব দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত থাকে, তখনই সেই দল বা রাষ্ট্রের পরিচালকদের থেকে দেশের সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয়। জনগণ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সাময়িকভাবে চুপ থাকলেও সময় মতো তার জবাব দেয়।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয় জনগণের সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে। জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। সুতরাং সরকারের প্রতিটি কার্যক্রম হতে হবে জনবান্ধব, জনকল্যাণমুখী। কিন্তু এর কার্যক্রম যদি হয় জনগণ বিরোধী, গণবিরোধী ও দুর্নীতিগ্রস্ত, তখনই সরকারের বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গণ-অসন্তোষ ও প্রতিরোধ গড়ে ওঠে। এটি একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া।
বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অনিয়ম বাসা বেঁধেছে। একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে দুর্নীতি করে যাচ্ছে।
তাই বর্তমান সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো — বিতর্কিত, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থাকা লোকদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরকে বাদ দেওয়া বা আইনের আওতায় আনা। এটি এখন সময়ের দাবি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পারলেই জনগণের আস্থা ফিরে আসবে।
আমরা বিশ্বাস করি, সরকার যদি কঠোর হাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে জনগণ আবার সরকারের উপর আস্থা রাখবে। কারণ এদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা উন্নয়ন চায়, সুশাসন চায়।
তাই এখন সরকারের পক্ষে জনগণের কাছে আস্থা অর্জন করা সময়ের অপেক্ষা মাত্র। সদিচ্ছা থাকলে সবই সম্ভব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.