সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরে কালীগঞ্জে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যা প্রয়োজন সরকার তাই করবে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানায় শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মিলন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। সরকারের বরাদ্দ কোনো দলীয় নেতা বা আত্মীয়কে নয়, প্রকৃত সুবিধাভোগীর কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে অগ্রগতির ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন। মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাঁর অঙ্গীকার বাস্তবায়ন করছেন, যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২৬ বস্তা শুকনো খাবার উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায়, বিতরণ করা হয়। প্রতিটি বস্তায় ছিল- ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচ গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।
সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আকন্দ, সমবায় কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.