শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি
আরমান হোসেন রাজু
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত ও বদলির ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে বিদ্যালয় ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
টিসি পাওয়া শিক্ষার্থীরা হলেন—নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজী।
এ বিষয়ে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক জানান, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই তিনি কার্যকর করেছেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ক্যাম্পাসে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.