
মো: সাইফুল আলম সরকার, ঢাকা: নতুন সরকার তার ১৮০ দিনের কাজের জন্য যে অগ্রাধিকার তালিকা তৈরি করছে সেখানে শ্রম মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় শ্রমিকদের মতামতের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে গতকাল সোমবার ওখানে ঢাকার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর শ্রমিক স্বার্থবিরোধী প্রস্তাবনাগুলো সংশোধন করে তা চলতি সংসদ অধিবেশনেই বিল আকারে পাসের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে শ্রমিকদের নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকার খর্বকারী ধারাগুলো বাতিলের আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ নভেম্বর প্রকাশিত শ্রম সংশোধন অধ্যাদেশে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, একটি শ্রমিকবান্ধব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন প্রতিষ্ঠার স্বার্থে বিতর্কিত ধারাগুলো বাতিল করে সংশোধিত অধ্যাদেশ দ্রুত সংসদে উত্থাপন ও পাস করা জরুরি।
স্কপ নেতারা জানান, শ্রম আইনের আওতা সম্প্রসারণ, শ্রমিক ও মালিকের সংজ্ঞার পরিমার্জন, লে-অফ ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন, বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর মতো উদ্যোগ প্রশংসনীয়। তবে একইসঙ্গে কিছু সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্কপ নেতারা। তাদের দাবি, ধারা ১৮০ (১খ-এর শর্ত), ১৮৪ এবং ২০২ (২৪-এর খ ও ঙ) শ্রমিকদের নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা ও প্রতিনিধিত্বের ক্ষমতা সীমিত করে। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন খাতে ট্রেড ইউনিয়নের সুযোগ বাতিল এবং যৌথ দরকষাকষি প্রতিনিধির ক্ষমতা কমানো আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ৮৭ ও ৯৮-এর সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রত্যয়ন বাধ্যতামূলক এবং শ্রমিকের সংজ্ঞা পরিবর্তন করে মধ্যম স্তরের কর্মকর্তাদের সুরক্ষা থেকে বঞ্চিত করার আশঙ্কা তৈরি হয়েছে। স্কপ নেতারা অভিযোগ করেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় শ্রম মন্ত্রণালয়ের তালিকা তৈরিতে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে তাদের মতামত নেওয়া হয়নি, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিপন্থি। এ সময় কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শোক প্রকাশ করে দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
বক্তব্য উপস্থাপন করেন অপর যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুল। এছাড়া সংবাদ সম্মেলনের শুরুতেই কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকান্ডে ৬ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন । ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিহত ও আহতদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়।
এই সময় আরো উপস্থিত ছিলেন স্কপ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোঃ জাফর ও সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাঈফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, বাংলাদেশ ফি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভাড়প্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, ব্যাংক বীমা সেক্টও কর্পোরেশন এ্যালায়েন্সের নেতৃবৃন্দেও মধ্যে রফিকুল ইসলাম, মজিবর রহমান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্কপ অতি দ্রুত আইন পাশের আবেদন করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.