'শিক্ষকরাই পারেন জাতিকে পথ দেখাতে’
শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় ইউএনও মনিরা খাতুন
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষের পাঠদাতা নন, তিনি একটি প্রজন্মের নির্মাতা। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেছেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই পারেন জাতিকে পথ দেখাতে।’
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার শাহরাস্তি উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য প্রস্তুত করলেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। তাঁদের বড়দের সম্মান করা, ছোটদের প্রতি মমতা দেখানো এবং মানুষের সঙ্গে মানবিক আচরণ করার শিক্ষাও দিতে হবে। শিক্ষকদের দেখানো পথ অনুসরণ করেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে।
তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন শিক্ষার্থীরা একজন শিক্ষককে যে সম্মান করত, এখন সব ক্ষেত্রে সেই চিত্র দেখা যায় না।’ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরিতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব নেবে। তাঁদের মধ্য থেকেই তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরের সামনের সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন কাদরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাহ হোসেন। গীত পাঠ করেন শিক্ষক কাজল রানী চক্রবর্তী।
শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চিতোষী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া, চিতোষী সুলতানীয়া মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম, শিক্ষক নেতা মকবুল আহমেদসহ অন্যরা।
আলোচনায় চিতোষী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ‘কিছু সৃষ্টি করতে হলে শুধু ইচ্ছা থাকলেই হয় না, প্রয়োজন অনুকূল পরিবেশ, সহযোগিতা ও সমান সুযোগ। বৈষম্যপূর্ণ পরিবেশে প্রতিভা বিকশিত হয় না, সম্ভাবনাও পূর্ণতা পায় না।’ তিনি সরকারি ও বেসরকারি সবার জন্য সমান মর্যাদা, সুযোগ ও সম্মানের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.