শাহরাস্তিতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা
বোর্ডের সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তিন বিভাগে তিন শিক্ষার্থী
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে বোর্ডের সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীও রয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাঁদের মধ্যে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন করে মোট তিনজন বোর্ডের সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মনজুরুল আলম স্বপন শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান উল্লাহ।
এ ছাড়া সাবেক শিক্ষক আবদুল মান্নান বিএসসি, শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শ্রী সমীরণ দত্ত, সাবেক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য মো. সফিউল্লাহ বাচ্চু এবং কমিটির সদস্য লুৎফুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিপিএ-৫ অর্জনকারী ও বোর্ডের সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শাহজাদী সারিকা (প্রভা)। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে। পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়টির সাবেক নাম ছিল নাওড়া উচ্চ বিদ্যালয়। ১৯৮১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পরীক্ষার ফলাফলে সাফল্যের যাত্রা শুরু হয়। ২০২৬ সালে প্রথমবারের মতো কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো বলে আয়োজকেরা জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.