লালমনিরহাটে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া বাদী হয়ে রোববার (৪ অক্টোবর) রাতে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। থানায় দায়ের করা অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলীকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় নামুড়ি বাজারে দিনভর মাছ বিক্রি শেষে অর্জিত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। পথিমধ্যে ম্যালম্যালি বাজার এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে জোরপূর্বক টানাহেঁচড়া করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী রিদু মিয়া বাধা দিলে তারা তাঁকে বেধড়ক মারধর ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
ছুরিকাঘাতে তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁর পকেটে থাকা ব্যবসার নগদ ৪৬ হাজার ৭৬০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় পথচারীরা তাঁকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিদু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ছিনতাইকারীরা আমাকে টানাহেঁচড়া করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করে। এতে মাটিতে পড়ে গেলে তারা পকেটের সব টাকা নিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে আছি। আমি একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, ছিনতাইকারীরা আমার ব্যবসার পুরো মূলধন টুকুই কেড়ে নিয়েছে। এখন আমি কী দিয়ে আবার ব্যবসা শুরু করব, আর কীভাবেই বা পরিবার চালাব?" তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আকুল দাবি জানান।
এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন মিজানুর রহমান মুঠোফোনে জানান, "ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে রিদু মিয়ার মাথা ফেটে গেছে বলে শুনেছি। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।" এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.