লালমনিরহাটে বিজিবির পৃথক তিন অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক ১।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১১৪ পিস ভারতীয় ইয়াবা, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের ১৫ আইটেমের ভারতীয় প্রসাধন ও চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গঙ্গারহাট, মোগলহাট ও অনন্তপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্র খান এলাকায় অভিযান চালিয়ে ১১৪ পিস ভারতীয় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে গঙ্গারহাট বিওপির টহলদল।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পারফিউম, পাউডার, তেল ও টুথপেস্টসহ ১৫ আইটেমের বিভিন্ন ভারতীয় প্রসাধন ও সামগ্রী জব্দ করা হয়।
একই দিন রাত ৯টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে অনন্তপুর বিওপির টহলদল।
বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ১৩০ টাকা। আটক ব্যক্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে বর্তমানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.