লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৭ মোবাইল ফোন
বিভিন্ন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে চলছিল কার্যক্রম, বিকাশ-নগদে লেনদেনের তথ্য পেয়েছে ডিবি পুলিশ।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া পরিচালনা ও ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে ডিবি পুলিশ। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলে আসছিলেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com ও Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়।
এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেনের তথ্য-প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.