রাজাহাটে খাটের নিচে মাটির গর্তে মিলল চোরাই অটোরিকশা, গ্রেপ্তার ১
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের রাজাহাটে বিশেষ অভিযান চালিয়ে ঘরের ভেতর মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি ঝাড়খোলা গ্রামে আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের সময় আব্দুর রাজ্জাকের শয়নকক্ষে গিয়ে চমকপ্রদ দৃশ্য দেখতে পান পুলিশ সদস্যরা। ঘরের পাকা খাটের নিচে মাটির ভেতরে বিশেষ কায়দায় তৈরি গর্তের ভেতর অটোরিকশাটি লুকিয়ে রাখা হয়েছিল। পরে অটোরিকশা ও এর যন্ত্রাংশ জব্দ করে রাজ্জাককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের মাঠেরপাড় বাজারে একজন সাইকেল মেকানিক হিসেবে ব্যবসা করে আসছিলেন। তবে উদ্ধার হওয়া অটোরিকশাটির আসল মালিকের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের দেওয়া তথ্যমতে, আব্দুর রাজ্জাক এলাকায় সংঘবদ্ধ অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং এর ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃত আসামির সঙ্গে আন্তজেলা চোরচক্রের বড় ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। এ ঘটনায় রাজাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে পুলিশি তৎপরতা চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.