রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১২ আগস্ট, ২০২৬
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশে সফলভাবে দায়িত্ব পালন শেষে তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং জোরদারে তার এই পদায়ন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পদোন্নতিবঞ্চিত থাকার পর গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।
সম্প্রতি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপস্থিত জনতাকে শান্ত করতে গিয়ে নিজের অতীতের বৈষম্যের কথা তুলে ধরে আবদুল মাবুদ বলেন, "ইউনিফর্মের তোয়াক্কা না করে ৩ আগস্ট প্রোফাইল পিকচার লাল করেছিলাম। রংপুরের তৎকালীন কমিশনার ছিলেন ফ্যাসিস্ট! সিনিয়র হওয়া সত্ত্বেও আমি পদোন্নতি পাইনি, তার অধীনেই কাজ করতে হয়েছে। ৪ আগস্ট আমি নিজের সন্তান নিয়ে রাস্তায় নেমেছিলাম। জুলাই গণঅভ্যুত্থান সকলের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।"
এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়েও তিনি নিজের ওপর হওয়া বিগত দিনের বৈষম্যের কথা স্মরণ করে বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তবে আমি আজকে পুলিশ কমিশনার পদে আসতে পারতাম না। গত ১৭ বছর আমাকে অতিরিক্ত এসপি (অ্যাডিশনাল এসপি) বানিয়ে রাখা হয়েছিল। অথচ আমার ব্যাচমেটরা এই মেট্রোপলিটনেই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.