রংপুরে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় মামলা
থানায় জিডি করে বাড়ি ফেরার পথে হামলা।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭১৭৭৭৬৯৭২
রংপুরের মিঠাপুকুরে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মা ও ছেলে মিঠাপুকুর থানায় নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী (জিডি) করে বাড়ি ফেরার পথে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পোড়ারহাট গ্রামে বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত পুর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছেন। নিহতের মা আজুবা বেগম বুধবার রাতে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন মিজানুর রহমান (৪৬)। তিনি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন মুদির দোকানদার ছিলেন।
নিহতের মা আজুবা বেগম কেঁদে কেঁদে বলেন, তিনি ও তার ছেলে মিজানুর একটি ভ্যানে চড়ে থানা থেকে বাড়ি ফিরছিলেন। তখন রাত আনুমানিক একটা বাজে। বাড়ির পাশাপাশি পোড়ারহাট এলাকায় ভ্যানটি আসলে ১৭-১৮ জন ব্যক্তি মিলে ভ্যানটি আটকে দেয়। তাদের সকলের হাতে লাঠি, ছোড়া ও বল্লম ছিলো। ভ্যান থেকে মিজানুরকে নামিয়ে টেনেহেচড়ে একটু দুরে নিয়ে যায়। এসময় তারা মিজানুরকে লাঠি ও ছোড়া দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। ‘আমি কয়েকজনের পা ধরে ক্ষমা চেয়েছিলাম। তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়। আমার চোখের সামনেই আমার ছেলেকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমি জ্ঞান হারিয়ে ফেলি,’ তিনি বলেন।
’ওরা আমার বুকের ধন কেড়ে নিয়েছে। থানায় হত্যা মামলা করেছি। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি,’ তিনি বলেন।
নিহতের ছোট বোন রেখা বেগম জানান, তার ভাই মুদির দোকান করে পুরো সংসারের খরচ চালাতেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংসার এখন কি চালাবে, সংসার কিভাবে চলবে। ‘আমার ভাইয়ের সকল হত্যাকারীর ফাঁসি চাই,’ তিনি বলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের সাথে প্রতিবেশি আব্দুল কাফি মুন্সির জমি নিয়ে বিরোধ চলছিল অনেক দিনধরে। আদালতে মামলা মোকদ্দমাও চলছে। মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পোড়ারহাট এলাকায় মুদির দোকানের সামনে মিজানুরকে মোটরসাইকেল চালিয়ে আঘাত করার চেষ্টা করেন। এসময় তারা মিজানুরকে মেরে ফেলার হুমকি দেন। মঙ্গলবার রাতে মিজানুর তার মাকে সাথে নিয়ে মিঠাপুকুর থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন। জিডি করে রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মিজানুরকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মিজানুরের সাথে উপস্থিত তার মা আজুবা বেগম হামলাকারীদের চিনতে পেরেছেন।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে মিজানুরের মরদেহ বুধবার রাতে পরিবারে লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের মা ১০জনের নাম উল্লেখ ও ৭-৮জনকে অজ্ঞাত করে থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ‘বুধবার সকালে পুলিশ জিডির তদন্ত করতে ঘটস্থলে যাওয়ার কথা ছিলো কিন্তু তার আগেই প্রতিপক্ষের লোকজন মিজানুরকে হত্যা করেছে। খুব দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে,’ ওসি বলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.