রংপুরে নির্জন সড়ক থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২৪ আগস্ট, ২০২৬
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আবু সিদ্দিক (৩৫)। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের জেলা লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। এই বাজারের সাথেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের শেষ সীমানা চরচতুরা গ্রাম। রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা চরচতুরা গ্রামের নির্জন সড়কে সিদ্দিকের কুপানো ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজারে গিয়ে তারা জানতে পারেন বাজারসংলগ্ন একটি মাঠে বসে সিদ্দিকের সঙ্গে মোবাইলে কারো তীব্র বাকবিতণ্ডা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় ও মুখে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে নির্জন এলাকায় মরদেহ ফেলে পালিয়ে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.