রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট
চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে একে একে চারজনকে হত্যা করা হয় : পুলিশ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর নগরের দাসপাড়ায় (মাছুয়াপাড়া) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৯৬ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে অবস্থানের সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দুই ব্যক্তি হলেন নগরের দাসপাড়া এলাকার মৃত কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। তারা বর্তমানে রংপুর জেলা কারাগারে রয়েছেন।
অভিযোগপত্রে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
তিনি বলেন, মূলত চুরির উদ্দেশ্যেই দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে চুরি করতে গিয়ে সময় কাটানোর জন্য তাঁরা ইয়াবা সেবন করেন। এরপর প্রথমে গণপতি চক্রবর্তীকে (৬৫) হত্যা করেন। পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীকে (১২) একে একে হত্যা করেন।
পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই চারজনকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতার পক্ষে ফরেনসিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের এবং শসার টুকরায় সিদ্ধার্থ দাসের ডিএনএ পাওয়া গেছে। সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।
তিনি বলেন, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, অন্যান্য তথ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। দীর্ঘ তদন্ত ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি বলেও দাবি করেন তিনি।
মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলেন, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করেছে। তদন্তে যা পেয়েছে, তার ভিত্তিতেই অভিযোগপত্র তৈরি করেছে।
তিনি বলেন, ‘চার্জশিটের কথা শুনেছি, কিন্তু এখনো পড়ে দেখিনি। পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। আমরা ন্যায় বিচার চাই।’
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের দাসপাড়ায় নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট ভোরে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়। একই পরিবারের চার সদস্যকে হত্যার এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
২৩ আগস্ট দুপুরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা মামলাটির তদন্ত শুরু করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পরিদর্শক জিন্নাত আলী তদন্তের দায়িত্ব পান। ঘটনার ৯৬ দিন এবং মামলা দায়েরের ৯৫ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ।
তবে পুলিশের তদন্ত ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
তার অভিযোগ, হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময়ে পুলিশ ভিন্ন ভিন্ন তথ্য দেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুরুতে মাদক সেবনে বাধা দেওয়াকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ জানিয়েছিল। এখন অভিযোগপত্রে চুরির উদ্দেশ্যের কথা বলা হচ্ছে।
তিনি বলেন, ‘চার্জশিটে কী লেখা আছে, তা এখনো জানি না। চার্জশিট হাতে পাওয়ার পর পড়ে দেখতে হবে, পুলিশ তদন্তে কী তথ্য উদ্ঘাটন করেছে।’
পলাশ কান্তি নাগ আরও বলেন, ‘আমরা এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলাম। কিন্তু তা করা হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে হয়তো ঘটনাটি আরও গভীরভাবে অনুসন্ধানের সুযোগ তৈরি হতো।’
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.