রংপুরের তারাগঞ্জ
দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুরের তারাগঞ্জে আলোচিত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকায় বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
আটক যুবক হলেন মুজাহিদ ইসলাম (১৯)। তিনি ভীমপুর কোরানীপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
ওসি রুহুল আমিন জানান, আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে সন্দেহভাজন মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
পুলিশ জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে ধর্ষণের আলমত পাওয়া গেছে। শিশুটির বাবা সাইদুল ইসলাম মামলায় ধর্ষণের পর হত্যার কথা উল্লেখ করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভীমপুর কোরানীপাড়া গ্রামে তিস্তা সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে শিশুটির দুই চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যার পর এলাকায় মাইকিং করা হয় এবং গ্রামজুড়ে শুরু হয় ব্যাপক অনুসন্ধান।
শনিবার দুপুরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তিস্তা সেচ ক্যানেলের পাশে একটি পাটখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি রুহুল আমিন বলেন, স্কুলছাত্রীর অভিযুক্ত ধর্ষক ও খুনি শনাক্ত করতে প্রযুক্তির সহযোগিতা নেওয়া হচ্ছে। আটক সন্দেহভাজন যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। আপাতত তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাচ্ছে না। পুলিশ এসব তথ্য নিবিড়ভাবে খতিয়ে দেখছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.