মোহনগঞ্জে রাতের আঁধারে ‘সরকারি চাল পাচারচেষ্টা’, জব্দ
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,
থানায় রাখা জব্দকৃত চাল।
নেত্রকোনার জেলা মোহনগঞ্জ উপজেলার রাতের আঁধারে সরকারি চাল পাচারের অভিযোগ উঠেছে। পাচারের সময় স্থানীয়দের ধাওয়ায় ১১ বস্তা চাল রাস্তায় ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
পরে পুলিশ ও প্রশাসন চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্কা এলাকা থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। ১১টি বস্তায় প্রায় ৪৫০ কেজি চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের কয়েকজন জানান, রাতে বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে চালগুলো পাচার করা হচ্ছিল। স্থানীয় লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে ১১ বস্তা চাল রাস্তার পাশে মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। জব্দকৃত চাল বর্তমানে থানায় আছে।
এগুলো কিসের চাল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর অধিকতর তদন্তের জন্য ইউএনও মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি চাল পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ও এসিল্যান্ড গিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বস্তা চাল জব্দ করেছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি- ইউনিয়ন পরিষদ থেকে রাতে এসব চাল পাচার হচ্ছিল। তবে এর স্বপক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাদা বস্তায় থাকায় চালগুলো কোন সরকারি প্রকল্পের কি না সেটা বোঝা যায়নি।
তিনি বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধানে কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.