মুক্তিযোদ্ধা কলোনিতে কাগতিয়া বাহিনীর হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪
আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ, পুলিশের সামনেই হামলা-ভাঙচুর!
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম :
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন মুক্তিযোদ্ধা কলোনিতে জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর, ঘর ভাঙচুর ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে কাগতিয়া দরবার শরীফের লোকজনের বিরুদ্ধে। গত শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা থেকে ১০টা পর্যন্ত সংঘটিত এ ঘটনায় চারজন আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,
ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে কাগতিয়া দরবার শরীফের লোকজন এলাকায় সংঘবদ্ধ হয়ে হামলা চালায়, মারধর করে এবং বসতঘরে ভাঙচুর চালিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেয়। এ সময় বায়েজিদ থানা পুলিশের কাছে একাধিকবার ফোন করা হলেও ওসিকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায়ও ভুক্তভোগী পরিবারের এক সদস্যের মাকে মারধর করা হয় এবং ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আদালতের নোটিশের কপি অনুযায়ী, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতের নির্দেশনায় উভয় পক্ষকে মামলার জমি নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। আদালতের নির্দেশনার পরও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পক্ষের।
স্থানীয়দের অভিযোগ, কাগতিয়া দরবার শরীফের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জকে বারবার মুঠোফোনে ফোন করে পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.