প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:০২ পি.এম
মহাদেবপুরে পার্শ্ববর্তী বাড়িতে ছাগল যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে পার্শ্ববর্তী বাড়িতে ছাগল যাওয়ার
অপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩
- মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে একটি ছাগলের বাচ্চা যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ ৩ জন আহত। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মো. হারুন হোসেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে উপজেলার হাতুর ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে। আহতরা হলেন, চকচকি দুর্গাপুর গ্রামের মো. ভিকুতুল্লাহর ছেলে মো. ফারুক হোসেন, ফারুক হোসেনের স্ত্রী মোছা. ঋতু ও তার বাবা মো. ভিকুতুল্লাহ। অভিযোগ সূত্রে জানায়, রবিবার বিকালে ফারুক হোসেনের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মোস্তাকিনের বাড়িতে যায়। পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম বটি দিয়ে ওই ছাগলের বাচ্চাটির পায়ের রগ সহ পায়ের গোড়ালির অংশ কেটে দেয়। ছাগলের বাচ্চাটির চিৎকারে ফারুকের স্ত্রী ঋতু এগিয়ে গেলে ছাগলের বাচ্চাটির পা থেকে রক্ত ঝরতে এবং পাশেই বটি হাতে মোস্তাকিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি সেখান থেকে বাড়ি ফিরে তার স্বামী ফারুককে বিষয়টি জানান। তৎক্ষণাৎ ফারুক তার স্ত্রীকে সাথে নিয়ে জিজ্ঞাসার জন্য আঃ গণির ছেলে মোস্তাকিমের খলিয়ানে গেলে মোস্তাকিম, মৃত আঃ রশিদের ছেলে দুলাল হোসেন, বেলাল হোসেনের ছেলে নুর আলম, মোস্তাকিমের বোন মুনি ও তার স্ত্রী শিমু দেশীয় অস্ত্র দিয়ে ফারুক ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এ সময় তারা ফারুকের দাড়ি ছিঁড়ে নেয়। মারপিটে ফারুকের ডান হাত ভেঙে গেছে। এ সময় তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে ফারুকের বাবা ভিকুতুল্লাহকেও মারপিট করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। গুরুতর আহত ফারুক ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, এর মাত্র দু’দিন আগেও ওই পরিবারের একটি ছাগলের পা কেটে দেয়া হয় এবং বেশ কিছুদিন আগে এভাবেই একটি বাছুর ও ছাগলের পা কেটে দেয়া হয়েছিল। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।# মো. জুয়েল মন্ডল ০৭.০৭.২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.