মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর বিকেলে মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এসব গুণী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।
শিক্ষক সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, উপজেলা শিক্ষা অফিসার মহিব উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষক শুধু পাঠদান করান না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চাকরিজীবনের নিয়ম অনুযায়ী অবসর হলেও একজন আদর্শ শিক্ষকের অবদান কখনো শেষ হয় না।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রধান অতিথি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১১২ জন বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.