মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম। বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র এবং মধুপুর মদন গোপাল আঙ্গিনা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ।
এ সময় মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ হামিদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লিটন ঘোষ, পৌর কমিটির সদস্য সচিব আবির চৌহান, মধুপুর মদন গোপাল সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহাসহ উপজেলার ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজার সময় মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.