মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও ব্যাটারি চুরির ঘটনায় একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের দুই যৌথ মালিকের নামও এসেছে পুলিশের তদন্তে। এ ছাড়া এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সজীব ওরফে উৎসব পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর পৌর শহরের চাড়ালজানি এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গিনাপাড়ার একটি বাড়ি থেকে চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মধুপুরের আঙ্গিনাপাড়ার মৃত নয়ন মণ্ডলের ছেলে মো. ইসমাইল হোসেন, গোবদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মিন্টু মিয়া, পৌর শহরের বোয়ালী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মো. আমজাদ হোসেন এবং টেংরী সিএনবি মোড়ের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহবুব খান মারুফ। তাদের মধ্যে ইসমাইল হোসেন ও মিন্টু মিয়া চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের যৌথ মালিক বলে জানিয়েছেন পুলিশ।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, সম্প্রতি মধুপুরে কয়েকটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে এসআই মো. দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চাড়ালজানি এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স মালা ট্রেডার্সে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসমাইল হোসেনের আঙ্গিনাপাড়ার বাড়ি থেকে একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অটোরিকশা ও ব্যাটারি জব্দ করে আলামত হিসেবে থানায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.