মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি পূজার কাজে ব্যবহৃত স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
স্থানীয়রা জানান, জলছত্র হরিসভা মন্দিরটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ইতিহাসে এ ধরনের চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। ফলে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
চুরির ঘটনা শুনে ঘটনা স্হলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত চলছে। আশা করি দ্রুত চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.