ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, এনসিপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গণঅধিকার পরিষদের নেতা আনোয়ার হোসেন বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভালুকায় নিহত শহিদ তোফাজ্জলের হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। পাশাপাশি শহিদ পরিবারের জন্য রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.