বান্দরবান রেডক্রিসেন্টের নেতৃত্বে মুজিবুর রশিদ।
ভাইস-চেয়ারম্যান নিযুক্ত, তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ।
মোহাম্মদ করিম লামা - আলীকদম প্রতিনিধি
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হইয়াছেন জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিক মুজিবুর রশিদ। গত ৯ আগস্ট হইতে তিন মাসের জন্য গঠিত এডহক কমিটিতে তাঁহাকে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হইয়াছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে নবগঠিত এডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বান্দরবান জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করিবার জন্য অনুরোধ জানানো হইয়াছে।
মুজিবুর রশিদ বান্দরবানের ক্রীড়াঙ্গনে পরিচিত ও সক্রিয় সংগঠক। তিনি বান্দরবান ক্লাবের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিয়াছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার কারণে জেলার বিভিন্ন মহলে তাঁহার পরিচিতি রহিয়াছে।
রেডক্রিসেন্টের মতো একটি মানবিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে মুজিবুর রশিদের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখিতেছেন সংশ্লিষ্টরা। তাঁহার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বান্দরবান জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল হইবে বলিয়া প্রত্যাশা করা হইতেছে।
এদিকে, তিন মাসের জন্য গঠিত এডহক কমিটির ওপর অর্পিত অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল নির্ধারিত সময়ের মধ্যে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করিবার কথা রহিয়াছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবান রেডক্রিসেন্ট জেলা ইউনিট সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হইয়া দুর্যোগকালীন সহায়তা, মানবিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে, এমন প্রত্যাশা ব্যক্ত করিয়াছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.