ফাঁসির রায় শুনে সন্তুষ্ট নিহত শিশুর পরিবার।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের চাঞ্চল্যকর শিশু নন্দিনী রায় (৭) হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ছয় কার্যদিবসের রেকর্ড সময়ে এই মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
আজ রোববার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া লাশ গুম ও আলামত নষ্ট করার সহযোগিতার দায়ে বিধানের বাবা রনজিৎ কুমার রায় ও মা মমতা রানীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চুরির অপরাধে রনজিৎ কুমারকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, গত ১৫ জুন বিকেলে আদিতমারী উপজেলার ফলিমারী গ্রাম থেকে নিখোঁজ হয় নলিনী মোহন বর্মনের শিশু কন্যা নন্দিনী রায়। পরদিন ১৬ জুন বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কানের সোনার দুল চুরি ও পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তদন্তে বেরিয়ে আসে।
এই নৃশংস ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িবহর ভাঙচুরের শিকার হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত অভিযোগ গঠনের পর মাত্র ৬ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর আদালতের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিহত নন্দিনীর বাবা নলিনী মোহন বর্মন বলেন, "আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। প্রধান আসামির ফাঁসি হওয়ায় আমার মেয়ের আত্মা শান্তি পাবে। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, রায়টি যেন দ্রুত কার্যকর করা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান রিপন রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এই রায়কে আইনের শাসনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.