প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ তদন্তে,মানবাধিকার সংগঠন
মোঃ আলমগীর মোল্লা, নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবাসী ছেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল আত্মসাতের অভিযোগ তুলেছেন এক বৃদ্ধ মা। এ ঘটনায় প্রতিকার চেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফরিদপুর জেলা শাখায় লিখিত আবেদন করেছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে দুই পরিবারের বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছে মানবাধিকার সংগঠন।
অভিযোগকারী জোহরা (৫৯), সদরপুর উপজেলার নলেরটেক গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, বড় ছেলে উজ্জ্বল বেপারী (৩৮) দীর্ঘদিন ধরে ব্রুনাই প্রবাসী। প্রায় ১১ বছর আগে তিনি আখিনুর আক্তার স্বর্ণা (২৭)-কে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই।
জোহরার দাবি, বিয়ের পর ছেলে বিদেশে চলে যান এবং স্ত্রী স্বর্ণার ব্যাংক হিসাবসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ১৮ লাখ টাকা পাঠান। এ ছাড়া স্ত্রীকে তিন ভরি স্বর্ণালংকারও দেওয়া হয়।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে পুত্রবধূ স্বর্ণা পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়াতেন এবং কথা বলতে গেলে দুর্ব্যবহার ও অশালীন ভাষায় কথা বলতেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় নয় মাস আগে স্বর্ণা তাঁদের বাড়িতে থাকা নগদ দেড় লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, মূল্যবান পোশাক ও অন্যান্য মালামাল নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে তাঁকে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফিরে আসেননি বলে দাবি করেন জোহরা।
এ ছাড়া ছেলের পাঠানো অর্থের হিসাব জানতে চাইলে পুত্রবধূ ক্ষুব্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি তাঁর। অভিযুক্ত পক্ষ সালিশে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে না বলেও অভিযোগ করেন জোহরা।
এ ঘটনায় পুত্রবধূ আখিনুর আক্তার স্বর্ণা, তাঁর বাবা মো. নুরুল ইসলাম, মা মিনা বেগম ও ভাই মবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও ঐক্য মানবাধিকার পরিষদের প্রতিনিধিরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অভিযুক্ত স্বর্ণাকে বাড়িতে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি আগামী এক সপ্তাহ সময় চেয়ে ফরিদপুর জেলা কার্যালয়ে এসে এ বিষয়ে তাঁর বক্তব্য উপস্থাপন ও সমাধানের চেষ্টা করবেন বলে জানান।
সরেজমিন পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও ঐক্য মানবাধিকার পরিষদের সভাপতি ড. মো. আলী আকবর হোসেনের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রিপোর্টার প্রসেনজিৎ বিশ্বাস, দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আবজাল হোসেন, সজিব হোসাইন, নাজমুল হোসেন, তাহমিনা আক্তার, মো. আনোয়ার হোসেন ও মাসুদ মাতুব্বর।
পরিদর্শনকালে ড. মো. আলী আকবর হোসেন বলেন, আজ তিনটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে এসেছি। অভিযোগের সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের কাছে সময় চেয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যালয়ে এসে এ বিষয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, আজকের পরিদর্শন কার্যক্রম ফলপ্রসূ হয়েছে। দীর্ঘ ১১ বছর ধরে দুই পরিবারের মধ্যে চলমান সমস্যাটি সালিশ-মীমাংসার মাধ্যমে সমাধান করে উভয় পরিবারকে একত্রিত করার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রমের পরবর্তী অগ্রগতি আপনাদের জানানো হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.