প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সম্প্রতি গাইবান্ধায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে আমাকে, দেশ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম ময়নুল হুদা এবং দেশ টিভির ক্যামেরাম্যান পাপ্পুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
গত ৪ আগস্ট নারী ও শিশু কল্যাণ সংস্থার ব্যানারে এবং গাইবান্ধা প্রেসক্লাবে পৃথকভাবে আয়োজিত দুটি সংবাদ সম্মেলনে আমাকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেওয়া হয়।
আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে উত্থাপিত এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি গাইবান্ধার বাদিয়াখালী এলাকায় ভাঙারি ব্যবসার আড়ালে কথিত চোরাই মালামাল কেনাবেচার অভিযোগ নিয়ে অনুসন্ধানী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমি ও দেশ টিভির ক্যামেরাম্যান পাপ্পু সেখানে যাই। সাংবাদিক হিসেবে অভিযোগের সত্যতা যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়াই ছিল আমাদের পেশাগত দায়িত্বের অংশ।
কিন্তু অনুসন্ধানের বিষয়টি সামনে আসার পর আমাদের পেশাগত দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের মাধ্যমে জানতে পারি, গত ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে উত্তর ধানঘড়া গ্রামের ‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ তুলে ধরার পর উত্তর ধানঘড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে সুদারু বাবু এবং SATV-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার প্লাবনের ক্যামেরাপারসন মিঠুর মধ্যে মুঠোফোনে কথোপকথনে আমাকে শারীরিকভাবে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতীয়মান হয়। হামলা করলে কাওসার প্লাবন সেই ব্যক্তিকে মিষ্টি খাওয়াবেন বলে শোনা যায়। অডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ধরনের ঘটনায় আমি বর্তমানে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অডিওটির সত্যতা যাচাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী কায়সার প্লাবনসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে, অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তে কোনো ধরনের অপরাধ, হুমকি বা উদ্দেশ্যপ্রণোদিত মানহানির বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এসএম ময়নুল হুদা, গাইবান্ধা।
১০ আগষ্ট ২৬
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.