পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা , প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দার পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাখি নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।
শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়ন শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.