পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। ব্যক্তিগত সম্পত্তির এই দ্বন্দ্বকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এই অভিযোগ তোলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে মমিনুল হক বলেন, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা সংক্রান্ত একান্তই পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার অপচেষ্টা চালানো হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে জানানো যাচ্ছে যে, এই বিরোধের সঙ্গে বিএনপির দূরতম কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ দুটি পরিবারের অভ্যন্তরীণ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা।
তিনি আরও উল্লেখ করেন, জমি সংক্রান্ত এই বিরোধে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা নিজেদের খোলস পাল্টানোর চেষ্টার অংশ হিসেবে বিএনপিতে যোগ দিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অপচেষ্টাও চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে যে মামলাটি দায়ের করা হয়েছে, তাতে যাঁদের আসামি করা হয়েছে তারা মূল অভিযুক্ত পরিবারেরই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এই সত্য গোপন করে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের একমাত্র উদ্দেশ্য হলো—বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সুনাম ও রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষুণ্ন করা।
সংবাদ সম্মেলন থেকে দলীয় অবস্থান পরিষ্কার করে বিএনপি নেতারা জানান, দল কখনো কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। বরং মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিএনপি সর্বদা সোচ্চার। একই সঙ্গে অবিলম্বে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
পরিশেষে, যেকোনো ধরনের ব্যক্তিগত বা পারিবারিক বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কড়া আহ্বান জানায় লালমনিরহাট জেলা বিএনপি।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.