পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ২৭ আগস্ট, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে মামার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবা সেলিম ইসলামের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা খাদিজা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সেলিম ইসলাম পলাতক রয়েছে। সেলিম ভান্ডারদহ এলাকার মজিবর রহমানের ছেলে।
মামলার বিবরণ ও পরিবারের সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে সেলিম ইসলাম মেয়েকে মামার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। পথিমধ্যে উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা ও কাশিরডাঙ্গা এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে কিশোরীর ওপর নির্যাতন চালায়। পরবর্তীতে ভুক্তভোগীকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সে।
নির্যাতনের শিকার কিশোরী কোনোক্রমে স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে পৌঁছায়। খবর পেয়ে সেখান থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে। প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সেলিম ইসলামকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.